পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শতবর্ষী নৌকার হাট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। রোববার (১২ অক্টোবর) তিনি বন্যা কবলিত এলাকার পরিস্থিতি দেখতে যান এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরো গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরে উপদেষ্টা নেছারাবাদের ঐতিহ্যবাহী আটঘর বাজারে যান, যা শতবর্ষী নৌকার হাট হিসেবে পরিচিত। এ সময় তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষের কাছে পৌঁছানোর জন্য নৌকা সবচেয়ে কার্যকর বাহন। তাই স্থানীয়ভাবে তৈরি নৌকার সহজলভ্যতা যাচাই ও সংগ্রহের উৎস নির্ধারণই তার সফরের মূল উদ্দেশ্য ছিল।

1000208428

নেছারাবাদের ঐতিহ্যবাহী আটঘর বাজারের শতবর্ষী নৌকার হাট

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, দুর্যোগের সময় দেশের মানুষ রক্ষায় দেশীয় নৌকার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আগের সরকারগুলো বিদেশ থেকে বিপুল অর্থ ব্যয়ে নৌকা আমদানি করলেও বর্তমান সরকার দেশীয় নৌকা ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে। এতে দেশের অর্থ সাশ্রয় হবে ও স্থানীয় শিল্পও টিকে থাকবে।

সফর শেষে তিনি আটঘর বাজারের নৌকা কারিগরদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।