বাগেরহাটে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ক্যাম্পাসের মধ্যে ছাত্র হোস্টেলের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই, রক্ত লাগলে রক্ত নিন-তবু দাবি মেনে নিন সহ নানা স্লোগান দিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে দুপুর ১২টায় এসব দাবি পূরণের লক্ষে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
ম্যাটস তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিয়াউল ইসলাম বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা আন্দোলন করছি। মেহেদী হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এ দাবি মানলে, কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে ম্যাটস শিক্ষার্থীদের নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি নাই। অনেক পদ খালি রয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলোর বেশিরভাগ যৌক্তিক। তাদের দাবি সম্বলিত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে জানান তিনি।
ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেয়াসহ বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে।










