সোনারগাঁর কাঁচপুরে আল নুর পেপার মিলে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন তিন নিরাপত্তাকর্মী মারা গেছেন। নিহতরা হলেন এমএম মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম ও আসাদুজ্জামান। বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এমএম মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম বৃহস্পতিবার বিকালে ও আসাদুজ্জামান রাতে মারা যান।
কাঁচপুর বিসিক শিল্প এলাকায় ৪ জুলাই রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আল নুর পেপার মিলে গ্যাস লাইনের রাইজার লিকেজের আগুনে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছিলেন। ওই সময় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেই তিনজনই মারা গেলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, তফিজুলের শরীরের ৭৮ শতাংশ, মোস্তাক আহমেদের ৬৮ শতাংশ ও আসাদুজ্জামানের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তারা বৃহস্পতিবার দিনে ও রাতে মারা গেছেন। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।










