মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) এশিয়া অঞ্চলের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলা, জরুরি স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়। এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী মুক্তিযুদ্ধসহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাশে থাকার জন্য আইআরসির প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশে সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতাহারে নারী ও শিশুদের কল্যাণে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

বাংলাদেশের নারীদের কেয়ার ইকোনমিতে অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানালে আইআরসির প্রতিনিধি এ বিষয়ে ইতিবাচক সাড়া দেন।

হাসিনা রহমান বাংলাদেশে সামাজিক সুরক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আইআরসি সহযোগিতা করতে আগ্রহী।

এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে আইআরসির কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য সংস্থাটির বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথাও উল্লেখ করেন।