সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কর্মজীবী নারী এবং ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাই, মাদারীপুর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরো তিনজনের প্রাণহানি হয়েছে। শনিবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

সাতক্ষীরা: স্ত্রী মরিয়ম খাতুনকে (৩০) নিয়ে গতকাল মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন তালা উপজেলার মনোহরপুর গ্রামের আল আমিন। উপজেলার বিনেরপাতায় পৌঁছলে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান। এতে তার স্ত্রী ঘটনাস্থলে মারা যান। আহতাবস্থায় আল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি নাথপুর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে আসছিলেন কলেজ শিক্ষক মফিজুল ইসলাম। পথে দমদম বাজারের পাশে একটি ডাম্পার ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম: মিরসরাইয়ে বাসচাপায় আব্দুল মন্নান (৩০) নামে বিএসআরএম কারখানার মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। গতকাল বেলা ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল মন্নান বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মওলানা নুরুল আলম বাড়ির মৃত আবদু শুক্কুরের ছেলে।

মাদারীপুর: জেলার কালকিনিতে মাহেন্দ্রচাপায় নেছার উদ্দিন হাওলাদার (৪০) নামে এক মুহুরী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে মাহেন্দ্রটি পুড়িয়ে দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। নিহত নেছার উদ্দিন পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভুরঘাটা-কালকিনি সড়কের দক্ষিণ রাজদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ: হরিণাকুণ্ডুতে আলম সাধু উল্টে চালক বাদশা আলী (৩২) নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার হলবাজার-ফলসী সড়কের কাচারিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কেসমতপুর গ্রামের পিন্টু আলীর ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোনো একসময় নিজের আলম সাধু উল্টে নিচে পড়ে যান বাদশা আলী। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর উঠতে পারেননি। গতকাল ভোরে ফজরের নামাজের পর স্থানীয়রা আলম সাধুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।