আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। মানুষের আয় বেড়েছে, দেশে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে ২ হাজার ৫৫৪ ডলার। দেশের দুই কোটি মানুষের মাথাপিছু আয় ১০ হাজার ডলারের ওপরে। তার পরও বিএনপির চোখে উন্নয়ন ধরা পড়ে না। শুধু অপপ্রচার করে। বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
গতকাল দুপুরে স্থানীয় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আজ ১৫ কোটি মানুষের হাতে মোবাইল ফোন, ১২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সাড়ে আট কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সরকার তিন কোটিরও বেশি মানুষকে সহযোগিতা করছে। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। বিএনপির ষড়যন্ত্র না থাকলে দেশ আরো এগিয়ে যেত, আরো বেশি উন্নয়ন হতো। আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিকে নজর দিতে হবে।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।
এদিকে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তার সংগীতের মাঝে অমর হয়ে থাকবেন।









