বগুড়ার সোনাতলার ভেলুপাড়ায় স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত প্রত্নতাত্বিক, গবেষক, সংস্কৃতজন প্রফেসর ড. এনামুল হক। তিনি ১০ জুলাই রাজধানীতে নিজ বাসভবনে মারা যান।

গতকাল বাদ জুমা ভেলুপাড়া ড. এনামুল হক ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে প্রথম জানাজা, গতকাল সকালে বগুড়ার টিএমএসএসের ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে সকাল সোয়া ১০টায় বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ সময় জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা আ’লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ড. এনামুল হকের মেয়ে তৃনা হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।