রাজশাহীর বাঘা উপজেলার ১৩ বছর বয়সী মেয়ে রেবেকা খাতুন বাবা আকসেদ সিকদারের হাতেই খুন হয়। ঘটনার প্রায় ১৮ বছর পর সেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতের নির্দেশে মামলাটির পুনঃতদন্ত করে পিবিআই।

অভিযুক্ত আকসেদ সিকদার বাঘা উপজেলার লক্ষ্মীনগর চরের বাসিন্দা ছিলেন। তিনি অবশ্য ২০১৯ সালে মারা যান। রাজশাহী পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ গতকাল নিজ দপ্তরে সংবাদ সম্মেলন ডেকে এ তথ্য জানান। 

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ বলেন, ‘‌২০০৪ সালের জুনে নিজ বাড়িতে শিশু কন্যা রেবেকা খাতুনকে কুপিয়ে হত্যা করেন আকসেদ সিকদার। এরপর তিনি নিজেই প্রতিপক্ষের ২০ জনকে আসামি করে  মামলা করেন।’

আদালতের নির্দেশে মামলাটি পুনঃতদন্ত করেন পিবিআইয়ের উপপরিদর্শক খায়রুল ইসলাম। তদন্তে তিনি জানতে পারেন, প্রতিপক্ষ নয়, আকসেদ সিকদারই মেয়েকে হত্যা করেন। তার দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদেই এ তথ্য বেরিয়ে আসে। স্বামীর ভয়ে এতদিন তারা মুখ খুলতে পারেননি বলেও জানান।