নাটোরের বনপাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের রুহুল প্রামাণিকের স্ত্রী মোহনা আক্তার মিলি (২৬), সদর উপজেলার পাইকেরদোলের সাদিয়া পারভিন (১২), তার ভাই কাউছার আলী (১৮), একই এলাকার আলমগীর হোসেন (৪৮), টাঙ্গাইলের দেলদুয়ারের আব্দুল জলিল (২৫), নাটোর সিরাজ উদ দৌলা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান (৩০) ও মাগুরা জেলার মিজানুর রহমান (৩০)।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। অন্যদিকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল সিয়াম ট্রাভেলসের বাসটি। বেলা ১১টার দিকে গাজী রাইস মিলের সামনে বিপরীতমুখী বাস দুটির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে আরো ২০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে।

আহতদের উদ্ধার করে স্থানীয় আমেনা হাসপাতাল, পাটোয়ারী জেনারেল হাসপাতাল, নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আমেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যু হয় মোহনা আক্তার নামে এক যাত্রীর।

জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও হাইওয়ের পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাটোরের পুলিশ সুপার বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও ওভারটেক করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া মহাসড়কের বাঁকগুলো সতর্কতার সঙ্গে পার না হওয়াও দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

নিহত প্রত্যেকের পরিবারকে দাফনসহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য ২৫ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া গতকাল রাজধানীতে আলাদা দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সকাল ১০টার দিকে মোহাম্মদপুরে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের সংঘর্ষে আশিক উল্লাহ (২৮) নামে একজনের মৃত্যু হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতুব্বর জানান, সাদেক খান রোডের বেড়িবাঁধের বাঁশপট্টি এলাকায় যাত্রীবাহী লেগুনা ও ইটবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশিক উল্লাহ নিহত হন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রমনা সার্ক ফোয়ারার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান চালক মোস্তফা কামাল ও আরোহী বিনা। রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ওই নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।