পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামের রাজারহাটে পিতার লাঠির আঘাতে পুত্রের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার চাঁন্দামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের চান্দামারী ঝাঁকুয়াপাড়া গ্রামের আব্দুল হাই ঝুনুর সঙ্গে ছেলে আহসান হাবিব সানুর (৪০) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার পূর্ব কলহের জের ধরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ষোটোর্ধ্ব আব্দুল হাই ঝুনু, তার ছোট ভাই মাহবুব (৫২) ও বাচ্চু (৪৮) মিলে আহসান হাবিব সানুকে নির্যাতন করেন। একপর্যায়ে ঝুনু লাঠি দিয়ে সানুর মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান।  আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে সানু মারা যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহ আসার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।