আইনজীবী হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করার পর যাচাই-বাছাই করা হচ্ছে।

এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করে এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা নিশ্চিত করেছে পুলিশ। চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত সাতজনকে গ্রেফতার করেছি আমরা।’

ওসির বক্তব্যে সাতজনকে গ্রেফতারের তথ্য উঠে এলেও এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে সরাসরি জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতারের কথা জানানো হয়।

সিএমপির উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) রইছ উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও আইনজীবী খুনের ঘটনায় জড়িত অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। এখানে পুলিশের কাজে বাধা দেয়াসহ তাদের ওপর আক্রমণ করা হয়েছে । এখন পর্যন্ত কোনো মামলা রেকর্ড না হলেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।’

এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর টাইগারপাস মোড়ে এ বিক্ষোভ শুরু হয়।

এর আগে সকালে চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আইনজীবী সাইফুলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযায় অংশ নেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ নানা শ্রেণী-পেশার মানুষ। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগরের আমীর শাহজাহান চৌধুরী। এর আগে দেয়া বক্তব্যে তিনি ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি উঠে আসে ।

সরজমিনে দেখা গেছে, জানাজায় অংশ নেয়া মানুষ টাইগারপাস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে ।

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামের আইনজীবীরা আজ বুধবার কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছেন। আজ সকল আইনজীবী কর্মবিরতি পালন করছেন। এ হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করছি।’