জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেয়ার কারণে আসন শূন্য হওয়া–সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খবর বিবিসি বাংলা।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৩ অগাস্ট রিটটি দায়ের করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন তিনি নিজেই। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ অগাস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার।
রিট আবেদনে ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির ছয়ই অগাস্টের তফসিল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চেয়েছিলেন রিটকারী। তবে প্রাথমিক শুনানির পরে রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট।










