গ্রেফতারের সংবাদ প্রচার করায় জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিলেন ধর্ষণ মামলার আসামি বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালাম। গতকাল দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বর থেকে যাওয়ার সময় সাংবাদিকের হুঁশিয়ারি দেন কাউন্সিলর কালাম।
কাউন্সিলর কালাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, সারা জীবন আমি জেলে থাকব না। বের হয়ে দেখব আপনাদের বিষয়টা, যা করেছেন তা ভালো করেননি। এ সময় সাংবাদিকরা আসামির ছবি তুলতে গেলে বাধা দেন আদালত প্রাঙ্গণে থাকা তার সহযোগীরা।
এ বিষয়ে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম খান স্বপন বলেন, অপরাধীর অপরাধের মাত্রা যখন বেড়ে যায় তখন সে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। তেমনটা এখানেও ঘটেছে। কালাম মোল্লার কর্মকাণ্ডে ওই এলাকার লোকজনই অতিষ্ঠ। এর পরও সাংবাদিকদের হুমকি দেয়াটা তার চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলেছে।
এর আগে গত শুক্রবার বিকালে এয়ারপোর্ট থানায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এক নারী। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে কাউন্সিলর কালাম ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। মামলার পর সন্ধ্যায়ই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।










