পঞ্চগড়ে ন্যায্যমূল্যের বাজার চালু করেছে জেলা প্রশাসন। ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে সবজি তুলে দেয়ার উদ্দেশেই এই বাজার কার্যক্রম শুরু করা হয়েছে। সরাসরি খেত থেকে চাষীদের কাছ থেকে উৎপাদিত সবজিসহ নানা ধরনের পণ্য কিনে এনে বিক্রি করা হচ্ছে এই বাজারে।

জেলা অডিটোরিয়াম চত্বরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বাজারে সকাল থেকেই উপচেপড়া ভিড় দেখা গেছে। ‘খেত থেকে আনা কৃষকের পণ্য, সুলভমূল্যে জনগণের জন্য’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এ ন্যায্যমূল্যের বাজার। পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই বাজার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সেচ্ছাসেবীরা। তারা অধিকাংশই শিক্ষার্থী।

জেলা প্রশাসন জানায়, স্বেচ্ছাসেবীরা চাষীদের খেত থেকে সবজি কিনে এনে বাজার মূল্য থেকে কম মূল্যে বিক্রি করছে। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই ভাবে প্রতি কেজি লাউ ২০ টাকা, সিম ৬০ টাকা, করলা ২০ টাকা, মরিচ ৬৫ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, লালশাক ৩০ টাকা, মূলা ৩৫ টাকা, ডাটা ১৮ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, বেগুন ২০ টাকা, পালংশাক ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন বাজার থেকে অন্তত ২০ থেকে ৩০ টাকা কমে নানা ধরনের শাক-সবজি বিক্রি হচ্ছে এই বাজারে। সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড় শুরু হয়। এতে বিক্রেতারা খুশি। তারা বলছেন আরো দোকান এবং পণ্য বাড়ালে সুবিধা হবে। সপ্তাহের প্রতিদিনই ন্যায্যমূল্যের বাজার পরিচালনা করার দাবি জানান ক্রেতারা।

রামের ডাঙ্গা এলাকার আব্দুর রশিদ (৬০) জানান, বাজারের থেকে ২০ থেকে ৩০ টাকা কম মূল্যে শাক-সবজি কিনতে পারছি। তবে আরো দোকানের প্রয়োজন আছে। আর সপ্তাহের প্রতিদিনই বাজার বসলে ভালো হয়। এই বাজারে আমরা টাটকা শাক-সবজি পাচ্ছি।

সেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব জানান, সংগঠনের স্বেচ্ছাসেবীরা দোকান পরিচালনা করছে। তারা অধিকাংশই ছাত্র। প্রতিদিন ভোরবেলা কৃষকের সবজি ক্ষেত থেকে আমরা সবজি কিনে এনে এখানে বিক্রি করছি। এতে মধ্যস্বত্বভোগীরা অতি মুনাফা করতে পারছে না। কৃষকও ন্যায্য দাম পাচ্ছে । একই সঙ্গে সাধারণ মানুষও কমদামে শাক-সবজি কিনতে পারছে।

জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে শাক সবজি কিনতে পারে তাই এই উদ্যোগ নেয়া হয়েছে। চাহিদা, যৌক্তিকতা এবং উদ্যেক্তা পেলে এই বাজার আরো সম্প্রসারিত করা হবে।