বাগেরহাটের মোরেলগঞ্জে আহরণ নিষিদ্ধ ৩ মণ জাটকা ইলিশসহ ‘এমভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। জাটকা আহরণের অপরাধে ট্রলারের মাঝি মো. রমজান আলী ও আড়তদার বাগেরহাটের ইসরাফিল সরদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোড়েলগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে এ জরিমানার আদেশ দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার ভোরে উপজেলার পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৩ মণ জাটকা ইলিশসহ ট্রলারটিকে আটক করা হয়। ট্রলারটি দুবলার চর এলাকা থেকে মাছ ধরে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিল।
কোস্ট গার্ডের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে পানগুছি নদীতে কোস্টগার্ড সদস্যরা টহল দিচ্ছিল। এসময় ওই ট্রলারটিকে তল্লাশি করে জাটকা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ট্রলারের মাঝি ও ব্যবসায়ীকে জরিমানা করেছে। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।









