বগুড়ার সোনাতলা উপজেলায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে চারটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জুয়েলারি দোকানগুলোর তালা কেটে ৬ ভরি স্বর্ণ, ৫৫ ভরি রুপা ও নগদ ১ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল শুক্রবার রাতে উপজেলার পৌর সদরে এ চুরির ঘটনা ঘটে।

সোনাতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে সোনাতলা উপজেলার পৌর সদরের গাজী প্লাজা মোড়ে আকন্দ মার্কেটের আপেল জুয়েলার্স, মাতৃ জুয়েলার্স, রোজবা জুয়েলার্স ও বেবি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। চোরেরা চুরির আগে নৈশ প্রহরী রবিউল ইসলামকে কৌশলে বেঁধে রেখে মারধর করে চারটি জুয়েলারি দোকানে চুরি করে মালামাল নিয়ে যায়। আজ ভোরে পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নৈশ প্রহরীকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে আহত নৈশ প্রহরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও চুরি যাওয়া জুয়েলারি দোকানগুলোর সামনে অবস্থান নেয়।

সোনাতলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি তরিকুল ইসলাম জানান, জুয়েলারি দোকানে চুরির ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। চুরি রোধে ও নিরাপত্তার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানিয়েছেন, চুরি রোধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এ তৎপরতা আরো বৃদ্ধি করা হবে। সেই সঙ্গে চোরচক্রকে ধরতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।