দিনাজপুরের বিরামপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসা আজিজার রহমান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে মৃত ওই ব্যক্তিসহ তার পরিবারের পাঁচ সদস্যের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িসহ ওই এলাকার ২৪টি বাড়ির ৭৪ জন সদস্য ও স্থানীয় একটি ক্লিনিকের চিকিৎসকসহ তার স্টাফদের হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বিরামপুর উপজেলার শৈলান গ্রামের নিজ বাড়িতে ওই ব্যক্তি মারা যান। মৃত আজিজার রহমান ওই গ্রামের আ. রহিমের ছেলে।
বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, আজিজার রহমান পেশায় সাইকেল মেকার। গত ১০ থেকে ১২ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন তিনি। এসব উপসর্গ নিয়ে গতকাল সোমবার আজিজার রহমান দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা আজিজার রহমানকে দেখে করোনা আক্রান্ত সন্দেহে মেডিকেলে ভর্তি করান। কিন্তু আজিজার রহমান সোমবার রাতেই মেডিকেল কলেজ থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। এর পরে আজ মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে আজিজার রহমান মারা যায়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, করোনাভাইরাস সন্দেহে মৃত আজিজার রহমানসহ তার পরিবারের ৫জন সদস্যের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেই সাথে ওই ঘটনায় উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির বাড়িসহ ওই এলাকার ২৪টি বাড়ির মোট ৭৪ জন সদস্যকে হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন।
এছাড়াও গতকাল তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ায় সেই ক্লিনিকের চিকিৎসক ও স্টাফকে হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।










