বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে এভারকেয়ার হাসপাতালে যান তারা।
বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সাংবাদিক জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সব ঠিক থাকলে কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেয়া হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন। তার সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্য, চিকিৎসক দল, নিরাপত্তাকর্মী ও গৃহপরিচারিকা।
তালিকা অনুসারে, খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আছেন সফরসঙ্গীর তালিকায়। আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী।
গত ১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, সঙ্গে থেকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছনোর চেষ্টা করবেন। তবে তিনি পৌঁছনোর আগেই ফ্লাইট ব্যবস্থা করা গেলে কিংবা তার আসা না হলে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও তার ব্যক্তিগত সহকারী।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।










