সাপ্তাহিক ছুটির দিনেও বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকা শীর্ষস্থানে উঠে এসেছে জনবহুল শহর ঢাকা। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় একিউআই স্কোর ২৫৫ নিয়ে তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে রাজধানীটি। এদিন বায়ুমান নির্ধারণের এই সূচকে বলা হয়েছে, মারাত্মক স্বাস্থ্য হুমকিসহ আজকের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর।’

ভিয়েতনামের হ্যানয়, উজবেকিস্তানের তাসখন্দ ও ভারতের দিল্লি যথাক্রমে ২৩৪, ২০১ ও ১৮৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ওচতুর্থ স্থানে রয়েছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।