বাগেরহাটের ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন সংকট মেটাতে স্বাস্থ্য বিভাগকে এক হাজার পিস আইভি স্যালাইন দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। গতকাল দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের কাছে এ স্যালাইন হস্তান্তর করেন সংসদ সদস্যের একান্ত সচিব এইচএম শাহিন। এ সময় বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কুমারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন বলেন, বাগেরহাট জেলাজুড়ে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি যে হাসপাতালগুলোয় স্যালাইন সংকট রয়েছে। ফলে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি সমাধানে তাত্ক্ষণিকভাবে সংসদ সদস্য শেখ তন্ময় তার ব্যক্তিগত অর্থায়নে এক হাজার আইভি স্যালাইন প্রদান করেছেন। ভবিষ্যতে  সংসদ সদস্য শেখ তন্ময়ের এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় প্রতিদিন যে পরিমাণ রোগী ভর্তি হয়, সে তুলনায় আমাদের আইভি স্যালাইন নেই। আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছিলাম। সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে পাওয়া এ স্যালাইন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এ বিষয়ে গতকাল বণিক বার্তায় ‘বাগেরহাটে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা: হাসপাতালে স্যালাইন সংকট’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশ হয়।