প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটি নিয়ে কাজ হচ্ছে। এটা নিয়ে সামনে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথাবার্তা হবে। সে আলোকেই খসড়া হবে। আশা করছি, এ নিয়ে সামনে আরো অগ্রগতি দেখা যাবে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে আলোচনা হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি বলে জানান প্রেস সচিব।

আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি দিয়েছিল। তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। তখন উদ্ভূত পরিস্থিতিতে ওই কর্মসূচির আগের দিন গত ৩০ ডিসেম্বর রাতে রাষ্ট্রীয় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।