বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। এতে সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে।
আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ ও ধারা ১৪(৩) অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে নতুন কমিটিকে আদেশ জারির ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
কমিটিতে সহসভাপতি করা হয়েছে অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, আয়েশা সিদ্দিকা মানি, অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লাকে।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্না সাধারণ সম্পাদক, শুটার সাবরিনা সুলতানা ও ক্রীড়া সংগঠক সৈয়দা তাসলিমা আক্তার যুগ্ম সম্পাদক এবং সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শক্তি রানী মণ্ডল কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জুডো খেলোয়াড় কামরুন নাহার হিরু, অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি, সাবেক জাতীয় জিমন্যাস্টিক্স খেলোয়াড় পারভীন লায়লা লুসিসহ জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে।










