তিনি বলেন, ‘অভিবাসন খাতে যারা সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছেন, তারা অবিলম্বে সোজা হয়ে যান।’

গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন নুরুল হক।

প্রতারিত অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য দ্রুত এবং কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) যৌথ উদ্যোগে অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে কীভাবে একজন প্রবাসীর কাছ থেকে ১২-১৫ লাখ টাকা পর্যন্ত এজেন্সিগুলো নিয়ে নেয়, সেটা নিয়ে প্রশ্ন তুলে এ হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। নুরুল হক বলেন, ‘এ টাকা কি সিঙ্গাপুর অথরিটি নেয়? নো। ছয়টা ট্রেনিং ইনস্টিটিউটকে অথরাইজেশন করেছে। তারা চার্জ দিচ্ছে, সিন্ডিকেট করে ব্যবসা করে তারা শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে।’

অনলাইন অভিযোগ ব্যবস্থা চালু হলে প্রবাসীদের হয়রানির ন্যায়বিচার ত্বরান্বিত হবে বলে উল্লেখ করেন রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক তাসনিম সিদ্দিকী। তিনি সংস্থাটি এক গবেষণার ফলাফল উল্লেখ করে বলেন, ‘‌তারা দেখেছেন, প্রায় ৫১ শতাংশ অভিবাসী কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হন। এছাড়া ১৯ শতাংশ ব্যক্তি অর্থ দিয়েও বিদেশে যেতে পারেননি এবং ৩২ শতাংশ বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন।’ তিনি মনে করেন, অনলাইন ডিজিটাল প্লাটফর্ম চালু হওয়ায় এখন ক্ষতিপূরণ আদায়ের পরিমাণ ১০ গুণ বাড়বে।

প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম বলেন, ‘আমাদের একান্ত প্রচেষ্টা থাকে, ​কোনো প্রবাসী যেন প্রতারণার শিকার না হন। কিন্তু বাস্তবতা হলো অনেকেই প্রতারণার শিকার হন। তাই প্রবাসীদেরও সচেতন হতে হবে, যাতে তারা কোনো দালাল চক্রের প্রতারণা বা ফাঁদে পা না দেন।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। তিনি বলেন, ‘‌প্রবাসীদের কাছে থেকে তারা যেসব অভিযোগ পান, সেগুলোর বেশির ভাগেরই সত্যতা থাকে। বিদেশে নেয়ার কথা বলে টাকা আত্মসাৎ, দেশে প্রবাসী নিজেদের সম্পদ বেদখল, আবার কেউ প্রবাসে নিখোঁজ এমন অভিযোগগুলো সবচেয়ে বেশি আসে। নতুন এ পদ্ধতিতে প্রবাসীরা ঘরে বসেই যেকোনো অভিযোগ দিতে পারবেন।’