রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমান তেল জব্দের আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার বাগেরহাটের চিতলমারীতে একটি দোকান থেকে ৯২ লিটার তেল জব্দ করা হয়েছে। এই তেল সংরক্ষণে রাখার অপরাধে আবির স্টোরের মালিক কাজী এসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চিতলমারী উপজেলা সদরের দোকানটিতে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, টিসিবির পণ্য সংরক্ষণে রাখার অপরাধে কাজী এসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তেল কীভাবে বাইরের দোকানদারের কাছে গেল সে জন্য ডিলার জাহাঙ্গীরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি তিনি সন্তোষ জনক ব্যাখ্যা দিতে না পারে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা এবং ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সামাজিক দূরত্ব না মানায় গেল ২৪ ঘন্টায় জেলায় ৪৭ জনকে ৩৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে গেল ৫ দিনে বাগেরহাটে ৩৬৩ জনকে ২ লাখ ৪৬ হাজার ২৯০ টাকা জরিমানা করা হয়। এই নিয়ে জেলায় ৪১০ জনকে ২ লাখ ৮১ হাজার ১৯০ টাকা জরিমানা করা হল।









