যে কোনো সংকট শুরুতেই মোকাবেলা করতে হবে। মোবাইল ম্যাজিস্ট্রেসি ঘটনার পরে নয়, ঘটনার সময়েই সক্রিয় রাখতে হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিশ্চিত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা ‘রুল বাই ল’ নয়, ‘রুল অব ল’ চাই। নির্বাচনকালীন দায়িত্ব যাই হোক, তা যেন আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারভাবে পালন করা হয়।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উদ্বোধন করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য দুই দিনব্যাপী আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনারস’(টোট) কর্মশালার। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইসি এএমএম নাসির উদ্দিন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সিইসি আরো বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার সংস্কৃতিই আমাদের দুরবস্থার অন্যতম কারণ। সভ্য জাতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়—এ সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে।

প্রশিক্ষণরত ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত, নির্বাচনের সময় সমন্বয়ের দায়িত্ব আপনাদের কাঁধেই থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং ও পোলিং অফিসার, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের মনিটরিং সেলের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো অন্যায় আদেশ দেবে না, অন্যায় হুকুমও দেবে না। প্রচলিত আইন অনুযায়ী নির্দেশনা যাবে, আপনাদেরও তা পালন করতে হবে।

প্রশিক্ষণকে ‘ক্যারিয়ারব্যাপী শেখার অংশ’ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, এ প্রশিক্ষণ শুধু নিজের জন্য নয়, অন্যদের প্রশিক্ষিত করার জন্যও। নতুন বিষয় বা গ্যাপ থাকলে অনলাইনে যুক্ত হয়ে তা পূরণ করা হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের চারজন কমিশনার, ইটিআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় তৃতীয় ও চতুর্থ ব্যাচের ৫০ জন ইউএনও অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বরের মধ্যে আরো দুটি ব্যাচকে প্রশিক্ষণ দেয়া হতে পারে।