‘জুলাই জাতীয় সনদ,২০২৫' চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বিস্তারিত আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিন ঘণ্টারও বেশি সময় ধরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

সভায় বিশেষজ্ঞরা সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করেন এবং বাস্তবায়নের সম্ভাব্য উপায় সম্পর্কে সাংবিধানিক, আইনগত ও রাজনৈতিক দিকগুলো নিয়ে মতামত দেন।

এ সময় কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এ ছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় অংশ নেন।

সনদ চূড়ান্ত করতে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর কাছ থেকে সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত সেসব মতামতও আজকের সভায় পর্যালোচনা করা হয়।