শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মারা গেছে তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এর আগের দিন ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। একদিনের ব্যবধানে নতুন রোগী ভর্তির সংখ্যা ১০১ জন বেড়েছে।

নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩২ হাজার ১৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৪০২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।