ঢাকার দুই সিটি করপোরেশনে ইভিএম পদ্ধতিতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। গতকাল বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ইভিএমের নিরাপত্তা নিয়ে সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের সংশয়ের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, বদিউল আলম মজুমদার ইভিএম প্রযুক্তি সম্পর্কে উক্তি করার মতো উপযুক্ত ব্যক্তি নন। যদি নির্বাচন কর্মকর্তারা এ ইভিএম বিষয়ে অভিযোগ করেন, তাহলে তা খতিয়ে দেখা হবে।
বিগত কয়েকটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম থাকার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকে। নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, আমরা সেই পরিবেশ সৃষ্টি করি।
ব্যক্তিগত সফরে ২৬ ডিসেম্বর পটুয়াখালীর বাউফলে যান সিইসি। গতকাল ঢাকায় ফেরার পথে বরিশালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।









