বায়ুদূষণে শীর্ষে ঢাকা, এমন শিরোনামে খবর প্রায়ই দেখা যায়। তবে ঈদুল ফিতরের আগ মুহূর্তে সরকারি ছুটি আর বৃষ্টির কারণে এ শহরের বাতাসে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের শহরে তালিকার শীর্ষ থেকে অনেকটা নিচের দিকে আজ ঢাকার অবস্থান।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় ৭২ একিউআই স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ৩৩তম। সে হিসেবে এ শহরের বাতাস আজ 'সহনীয়' পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ার মূলত বিভিন্ন শহরের বাতাসের মানের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়।
সংস্থাটির তথ্য বলছে, এদিন সকালে ২৪৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মিশরের কায়রো, ১৬২ স্কোর নিয়ে তৃতীয় ভারতের দিল্লি, ১৬০ স্কোর নিয়ে চতুর্থ নেপালের কাঠমান্ডু, ১৫৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক।
এছাড়া তালিকার ষষ্ঠ থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমারের রেঙ্গুন, চীনের উহান, চীনের হাংঝু, ভিয়েতনামের হ্যানয় ও উজবেকিস্তানের তাসখন্দ।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।










