পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের প্রতি অত্যন্ত সদয় ও সহানুভূতিশীল। বর্তমান সরকার চা বাগানের অনেক শ্রমিককে ঘর তৈরি করে দিয়েছে। এছাড়া বাগানের শ্রমিকদের তালিকা করে প্রতি বছর ৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে, যা অন্য কোনো সরকার দেয়নি। গতকাল মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৩০০ টাকা মজুরির দাবিতে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক অবরোধকারী চা শ্রমিকদের উদ্দেশে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আগামী দু-তিনদিনের মধ্যে প্রধানমন্ত্রী আপনাদের মজুরি বিষয়ে কথা বলবেন। পরে পরিবেশমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এর আগে মন্ত্রী জুড়ী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবং উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এ সময় জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা ও রিংকু রঞ্জন দাশ উপস্থিত ছিলেন।










