শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এ হাসপাতালে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে এলেও এর ভেতরের চিত্র উদ্বেগজনক। অতিরিক্ত রোগীর চাপের বিপরীতে অপর্যাপ্ত শৌচাগার ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় হাসপাতাল চত্বরের মাঠে স্তূপ করে আবর্জনা ফেলার কারণে সেখানে বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন।

সরজমিনে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারের সামনে রোগীদের উপচে পড়া ভিড়। ওয়ার্ডগুলোর শয্যা ছাড়াও মেঝে ও বারান্দায় গাদাগাদি করে রোগী এবং তাদের স্বজনরা রয়েছেন। প্রতি ওয়ার্ডে থাকা দুটি করে শৌচাগার রোগী ও স্বজনের সংখ্যার তুলনায় অপ্রতুল। হাসপাতালের ভেতরে একটি মাঠে ময়লা স্তূপ করে রাখা। যার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন না থাকলে চিকিৎসা নিতে এসে রোগীরা নতুন করে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়েন। একে বলা হয় হাসপাতাল-সংক্রমণ, যা অনেক ক্ষেত্রে নিয়ে আসা রোগের চেয়েও ভয়াবহ হতে পারে। একটি শৌচাগার বহু মানুষ ব্যবহার করলে এবং ময়লা ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকলে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ ও শ্বসনতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নোংরা পরিবেশে অস্ত্রোপচার বা ইনজেকশন নেয়া রোগীদের ক্ষতস্থানে সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি থাকে, ফলে রোগীর সুস্থ হতে সময় লাগে এবং কখনো কখনো জটিলতা দেখা দেয়। শিশু ও বয়স্করা এ ধরনের পরিবেশে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এটি শুধু হাসপাতালেই সীমাবদ্ধ থাকে না, বরং সংক্রমণ ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। তবে রোগীর চাপ বেশি থাকায় এবং সচেতনতার অভাবে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না।’

সরজমিনে আরো দেখা যায়, এ হাসপাতালে শয্যা, কেবিন ও স্ট্রেচারের ঘাটতি এবং ল্যাব সেবায় ধীরগতির কারণে ভোগান্তির মুখে পড়ছেন রোগী ও স্বজনরা। ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন ধাপে অসংগতি নিয়ে একে অন্যকে দোষারোপ করছেন রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে মোট ৫৫টি ওয়ার্ড ও ৭৫টি কেবিন রয়েছে। কিন্তু রোগীর চাপ সামলাতে এ অবকাঠামো অপ্রতুল বলে অভিযোগ রয়েছে রোগীদের।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ভর্তি হয় ৬৯ হাজার ১৯৬ জন রোগী। বহির্বিভাগে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৮৪ হাজার ৪৬৯। এছাড়া জরুরি বিভাগে চিকিৎসা নেয় ১ লাখ ৬৫ হাজার ১১৪ জন। তবে গত বছরের ডিসেম্বরে বহির্বিভাগে অন্যান্য মাসের তুলনায় বেশি রোগী চিকিৎসা নেয় বলে জানা যায়, যার সংখ্যা প্রায় ৫৫ হাজার।

আমেনা বেগম তার মাকে নিয়ে প্রায় ১০ দিন ধরে এ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বলেন, ‘১০-১২ দিন আগে মা স্ট্রোক করেন। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক ভর্তি হতে বলেন। মার সঙ্গে আমি আর আমার মেয়ে ছিলাম। কিন্তু এ নোংরা পরিবেশে মেয়ে বেশিদিন থাকতে পারেনি। অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় পাঠিয়ে দিই। এখন আমি একা আছি। বাধ্য হয়েই এখানে চিকিৎসা করানো লাগছে। আর্থিক অবস্থা ভালো থাকলে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতাম।’

হাসপাতালটিতে বরাবরই রোগীর চাপ বেশি থাকে। ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন অনুসারে, ২০২৩ সালে হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ছিল ৬ লাখ ৪ হাজার ৮৫৭ এবং ভর্তি থাকা রোগীর সংখ্যা ৩২ হাজার ৬৩৭। ওই বছর জরুরি বিভাগে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ছিল ৯৫ হাজার ৪৩৫।

সরকারি এ হাসপাতাল ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।  শুরুতে কেবল হাসপাতাল থাকলেও ২০০৬ সালে যাত্রা শুরু করে মেডিকেল কলেজ। এ হাসপাতালের মোট শয্যাসংখ্যা ১ হাজার ৩৫০। সবগুলো শয্যাই বছরের বেশির ভাগ সময় পরিপূর্ণ থাকে। হাসপাতালটিতে চিকিৎসক পদের সংখ্যা ৩২৪। কিন্তু নিযুক্ত জনবল ২৯৮ জন। অন্যদিকে নার্সের পদসংখ্যা ৮২১ হলেও কর্মরত আছেন ৭৩০ জন।

হাসপাতালটিতে নিযুক্ত চিকিৎসকরা অভিযোগ করেন, লোকবল কম থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হয়। চিকিৎসকরা সব রোগীকে সমান সময় দিতে পারছেন না। হাসপাতালের ভেতরের পরিবেশে নজর দেয়ার পাশাপাশি জনবল বাড়ানোও জরুরি।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘হাসপাতালে যে পরিমাণ রোগী থাকে তা আমাদের সক্ষমতার বাইরে। রোগীর এত চাপ থাকে যে চাইলেও হাসপাতাল সেভাবে পরিষ্কার রাখা যায় না। আবার যন্ত্রপাতিও অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে থাকে। সেক্ষেত্রে মন্ত্রণালয়ে যোগাযোগ করলে আমরা সহযোগিতা পাই। তা সত্ত্বেও আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।’