রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান চালিয়ে প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

এই বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দের তথ্যটি জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম। অভিযানে তিনিও অংশ নিয়েছেন।

ইফতে খায়ের আলম জানান, বিকেল থেকে অভিযান শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত বানেশ্বর বাজারের চারটি গুদাম থেকে প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত জব্দ হওয়া ভোজ্যতেলের পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছেনা। অভিযান শেষে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশনায় এ অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাসসহ শীর্ষ কর্মকর্তারা।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে জেলার বাগমারার তাহেরপুর পৌর এলাকার বাজারপাড়া এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ।

সেখানকার ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপন ও তার ভাই রফিকুল ইসলামের গুদামে অবিযান চালিয়ে প্রায় ২৬ হাজার ৭২৪ লিটার ভোজ্যতেল পাওয়া গেছে। এর মধ্যে ১৯ হাজার ২২৪ লিটার সয়াবিন তেল ও ৭ হাজার ৫০০ লিটার সরিষার তেল। বাড়তি মুনাফার আশায় রোজার শুরু থেকেই তেলের মজুদ গড়েছিলেন দুই ভাই।

এই ঘটনায় স্বপন ধরা পড়লেও তার বড় ভাই রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তাদের নামে রাতেই বাগমারা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।