স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজশাহী জেলা প্রশাসনের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা এ সময় উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি দেশের জন্য আত্মোৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রকাশ করেন।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, এসইসিপি এবং স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন, রাকাব কর্মচারী সংসদ (রাজ-৬১১) এবং রাকাব এসইসিপি পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
পুষ্পার্ঘ্য অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।










