চলমান পরিস্থিতিতে জারি থাকা কারফিউ আগামী ৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ রোববার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, কারফিউ প্রতিদিনই শিথিল হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ। আগামীতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা আলাদা ইন্টারনেট চেয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা ও ঢাকার আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। খাত সংশ্লিষ্টদের আজকের মধ্যে ক্ষতির পরিমাণ লিখিত আকারে দিতে বলেছি।

মতবিনিময় সভা শেষে সালমান এফ রহমান বলেন, আমরা ৫টা সমস্যা চিহ্নিত করতে পেরেছি। চট্টগ্রাম পোর্টে সমস্যার কথা ব্যবসায়ীরা বলেছেন। সংশ্লিষ্টদের নিয়ে আমরা বৈঠকে বসব। দ্বিতীয় সমস্যা তারা বলেছেন, এনবিআরের সঙ্গে। এনবিআরকে নিয়েও একটা মিটিং করব। তৃতীয় মিটিং করব বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে।