যশোরে বাবা-মেয়েসহ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে দুজন; চট্টগ্রাম, নেত্রকোনা ও বরিশালে একজন করে মারা গেছেন। গতকাল ও বুধবার রাতে এ দুর্ঘটনাগুলো ঘটে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর—
যশোর: যশোরের পুলেরহাটে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত এবং মা ও আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহতরা হলেন খুলনার খালিশপুর থানার মুজগুন্নি এলাকার মিল্লাত গাজীর ছেলে রুবেল হোসেন (৩০) ও তার মেয়ে ঐশী (১০)। আহতরা হলেন রুবেল হোসেনের স্ত্রী জেসমিন (২৮), আরেক মেয়ে তাঈয়েবা (৭) এবং পথচারী যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাবুর ছেলে ওসমান (১৯)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যশোরের শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে খুলনার মুজগুন্নিতে ফিরছিলেন। পথে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল ও তার মেয়ে ঐশী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন জেসমিন ও ছোট মেয়ে তাঈয়েবা।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব দেলুয়া এলাকায় ট্যাংকলরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন চার যাত্রী। এ সময় অটোরিকশাচালকও নিহত হয়েছেন গতকাল বিকালে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক শরিফুল ইসলাম (৩৫) জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়ার আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং যাত্রী উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫)। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাধন বড়ুয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর-সারাশিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো চারজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি শিফাতুল মাজহার বলেন, ‘পদুয়ার সারাশিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নেয়ার পথে অটোরিকশার যাত্রী সাধন বড়ুয়ার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
নেত্রকোনা: নেত্রকোনায় মোটরসাইকেলের ধাক্কায় মো. রফিকুল ইসলাম নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। এর আগে বুধবার রাত ১টার দিকে নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার খন্দকার নিকেতনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫৫) ময়মনসিংহ চরপাড়া এলাকার আব্দুল সুবাহানের ছেলে। তিনি নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি একজন মুদি দোকানদার ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রফিকুল ইসলাম নাগড়া ফুটওভার ব্রিজের পাশে দোকান পরিচালনা করে প্রতিদিনের মতো রাত ১টার দিকে দোকান বন্ধ করে নিজ বাসার দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে একটি দ্রুতগতির মোটরসাইকেল রফিকুল ইসলামকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশের একটি দেয়ালে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল: পাঁচ বন্ধু গতকাল দুপুরে নছিমনযোগে ঘুরতে বের হয়েছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে। নিহত তামিম খান (১৯) উত্তর শিহিপাশা গ্রামের প্রবাসী জসিম খানের ছেলে। স্থানীয়রা গুরুতর আহত অপর চারজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।










