সড়ক দুর্ঘটনায় চার জেলায় চারজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল ও চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে শ্যালোইঞ্জিনচালিত থ্রি-হুইলার চাপায় নাঈম নামে ৪ মাসের এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম একই উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে। এ ঘটনায় গাড়িচালক আমিনুল ইসলামকে (৩৫) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, চালককে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহ: বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে কারো পরিচয় জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালের দিকে চুরখাই এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এলাকার লোকজন আহতাবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে। পরে স্থানীদের সহায়তায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা বাসটিকে আটক করে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

টাঙ্গাইল: দেলদুয়ারে মাটি বহনকারী ট্রাকচাপায় শফিউল্লাহ মিয়া (৪৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল্লাহ মিয়া উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন। দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনসার সদস্য শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। একপর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারী ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চাঁদপুর: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেদওয়ান রাজা নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার পশ্চিম সকদি সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদওয়ান রাজা সদর উপজেলা বাগাদি ইউনিয়নের রাজাবাড়ির বাসিন্দা।