বৈশাখের মাত্র দুদিন। বরেন্দ্রজুড়ে বৃষ্টির দেখা নেই। প্রকৃতি এখন রুদ্রমূর্তি। যেন আগুন ঝরছে রোদে। গতকাল তাপমাত্রার পারদ চড়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। কেবল মৌসুমেরই নয়, আট বছর পর পুরনো রেকর্ড স্পর্শ করল সর্বোচ্চ তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত সাত বছরে তাপমাত্রার পারদ থেকেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসের নিচেই। গতকাল সেই রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা।

জানা গেছে, দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয় ১৯৪৯ সাল থেকে। এর মধ্যে রাজশাহীতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে রেকর্ড হওয়া এ তাপমাত্রা দেশের ইতিহাসেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এরপর ২০০০ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড এখনো ভাঙেনি।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী রহিদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাজশাহী শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার বেলা ৩টার দিতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৯ মার্চ রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

রহিদুল ইসলাম জানান, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরে নেয়া হয়। ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই সেটি মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই সেটি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়।

তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে তিনি বলেন, বৃষ্টি না থাকায় কয়েকদিন ধরেই রাজশাহীতে তাপমাত্রা বাড়ছে। আগামী কয়েকদিন তাপপ্রবাহ থাকতে পারে এ অঞ্চলে। বৃষ্টি হলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

রাজশাহী আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি এপ্রিলে রাজশাহীতে অন্তত একটি তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছিল ঢাকা আবহাওয়া দপ্তর। এছাড়া অন্তত দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস ছিল।

এপ্রিলে সাধারণত রাজশাহীতে ৮২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। এবার ৭৫ থেকে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে অন্তত এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকবে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অথবা তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।