আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, আমরা ১৭ সেপ্টেম্বর অংশীজন যারা আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে এবং যারা নির্বাচন ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত তাদের নিয়ে আমরা একটা মিটিং করব। এই মিটিংয়ের পরে কমিশন যে ইনপুট পাবে, তার ভিত্তিতে কমিশন (স্থানীয় সরকার নির্বাচন) তফসিল চূড়ান্ত করবেন।

তিনি আরো বলেন, ওইদিন আবারও আপনাদেরকে এ বিষয়ে আপডেট তথ্য জানানো হবে। মিটিংয়ে ইনপুট পাওয়ার পরেই কমিশনই এ বিষয়ে ব্রিফ করবে।

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।