পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটা সংলগ্ন রাস্তা সংস্কারে ধীরগতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দর্শনার্থীসহ স্থানীয় পথচারী।

কুয়াকাটার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মিশ্রীপাড়া। যেখানে রয়েছে এশিয়া মহাদেশের বৃহৎ বৌদ্ধ বিহার ও রাখাইন পল্লী। এছাড়াও সেখানকার স্থানীয় বাজারে রয়েছে রাখাইনদের হাতে তৈরি বিভিন্ন পোশাক সামগ্রী। কুয়াকাটায় আগত পর্যটকরা এসব পোশাক সামগ্রী ও বৌদ্ধ বিহার দেখার জন্য ছুটে যান মিশ্রীপাড়াতে। কুয়াকাটা থেকে মিশ্রীপাড়ার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এর মধ্যে কুয়াকাটা পৌরসভার পর থেকে লতাচাপলী ইউনিয়নের কচ্ছপআলী থেকে লক্ষীর বাজার পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার খুবই দুরবস্থা। রাস্তার কার্পেটিং উঠে গেছে। তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। আর এই রাস্তা দিয়ে ভ্যান, অটোবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয়রা।

২০২৩-২৪ অর্থ বছরে স্থানীয় ও আগত পর্যটকদের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে রাস্তাটির সংস্কার কাজের জন্য দরপত্র আহবান করেন পটুয়াখালী এলজিডি। কিন্তু সংস্কার কাজ শুরু করে দীর্ঘদিন রাস্তাটি ফেলে রেখেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। তাই ঠিকাদারের গাফলতির কারণে এখনো রাস্তাটি ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা সংস্কারে ধীরগতির কারণে দুর্দশার অবসান হচ্ছে না পর্যটকদের।

কলাপাড়া এলজিইডি অফিস সূত্রে জানা যায়, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের ইউনুস এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। পরে বরগুনার শাহিন নামে এক ঠিকাদার তাদের নিকট থেকে কাজটি ক্রয় করেন। তিনি শুরু করার পর কিছুটা কাজ করে দীর্ঘদিন পর্যন্ত কাজ বন্ধ রাখেন। যার ফলে কোনো উপকারে আসছে না রাস্তাটি।

স্থানীয় বাসিন্দা মিরাজ ও আলমগীর মুসুল্লি বণিক বার্তাকে বলেন, এটি একটি পর্যটন এলাকা। প্রতিদিন শত শত দর্শনার্থীরা এ রাস্তা দিয়ে ছুটে চলে। কিছু রাস্তাটির খুবই বেহাল অবস্থা। ২০০৭ সালে রাস্তাটি নির্মাণের পর মাত্র একবার সংস্কার হয়েছে। এখন রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না। খুবই সমস্যা হচ্ছে। শুনছি রাস্তায় নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে। ১ কিলোমিটারের মতো করে ফেলে রেখেছে। রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শেষ হলে স্থানীয়দেরসহ পর্যটকদের খুবই উপকার হতো।

কুয়াকাটা থেকে মিশ্রীপাড়ায় ঘুরতে আসা মো. নজরুল ইসলাম নামে এক দর্শনার্থী বলেন, আমরা হাজার হাজার টাকা খরচ করে কুয়াকাটার বিভিন্ন সৌন্দর্য দেখতে আসি। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা তাতে আমাদের টাকাটাই জলে যাচ্ছে। রাস্তাঘাটের এরকম অবস্থা থাকলে দর্শনার্থীরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিবে। আমি আর দ্বিতীয়বার কুয়াকাটায় আসব না।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলেন, রাস্তাটি ৭ বছর ধরে এ অবস্থায় পরে আছে। এতে এলাকার লোকজনের চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কুয়াকাটায় আগত পর্যটকদের। যেসব পর্যটকরা কুয়াকাটা সমুদ্র সৈকতে আসেন তারা সকলেই এ রাস্তা দিয়ে মিশ্রীপাড়ার বৌদ্ধ বিহার ও রাখাইন পল্লী দেখতে ছুটে আসেন। তাই রাস্তাটি নতুন করে সংস্কার হলে সকলেরই ভালো হতো।

রাস্তা সংস্কার প্রসঙ্গে ঠিকাদার মো. শাহীন বলেন, আগামী ৪-৫ মাসের মধ্যে রাস্তার সংস্কার কাজ শেষ করা হবে।

কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. সাদেকুর রহমান বলেন, স্থানীয় ও পর্যটকদের দূর্ভোগ লাগবের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে জোরালোভাবে বলা হবে।