বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে দেশব্যাপী অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৩ জানুয়ারি) ঝালকাঠি, ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি ইটভাটা ও কারখানা।

ঝালকাঠি, ঢাকা ও টাঙ্গাইলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলার মাধ্যমে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জে একটি স্টিল/রি-রোলিং মিল থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়।

নারায়ণগঞ্জ ও ঢাকায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি কারখানা বন্ধ করে ৪ ট্রাক যন্ত্রপাতি জব্দ করা হয়।

ঢাকার বিজয়নগরে ১টি মোবাইল কোর্ট চালিয়ে ৪টি যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শ্যামলী ও গোপালগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা এবং ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় ১০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।