রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দায়ের কোপে সরল চাকমা (৬০) নামে একজন নিহত হয়েছেন। পরে স্থানীয়দের গণপিটুনিতে মঞ্জু চাকমা (৩৬) নামে ভারসাম্যহীন ওই ব্যক্তিরও মৃত্যু হয়েছে। গতকাল বিকালে সারোয়াতলী ইউনিয়নের শিজক গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সারোয়াতলী ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন মঞ্জু চাকমা তার মা কালোচুলি চাকমা ও বাবা রত্নকুমার চাকমাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে তারা দুজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর গতকাল বিকালে এলাকাবাসী মঞ্জু চাকমাকে ধরতে গেলে হাতে থাকা দা দিয়ে তাদের ওপর চড়াও হন। তখন মঞ্জুর দায়ের কোপে মৃত্যু হয় সরল চাকমার। সরল চাকমা পেশায় ট্রাক্টর চালক বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে মঞ্জু চাকমাকে  ধরে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, সারোয়াতলী ইউনিয়নে মঞ্জু চাকমা নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার মা-বাবাকে শুক্রবার কুপিয়ে জখম করেছে। এলাকাবাসী তাকে গতকাল ধরতে গেলে তিনি সরল চাকমা নামে একজনকে কুপিয়ে হত্যা করেছেন। তখন এলাকাবাসী তাকে ধরতে আঘাত করলে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।