শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ‘ক্লিন স্কুল, নো মস্কিটো’ শিরোনামে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

ঈদের ছুটির পর অফিস-আদালত ও স্কুল-কলেজসহ বিভিন্ন ভবন ও আঙিনায় এডিস মশার প্রজনন ও বংশ বিস্তারের ঝুঁকি বেড়ে যায়। এ প্রেক্ষিতে কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শনিবার সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মো. শফিকুল ইসলাম খান বলেন, সামনে বর্ষা মৌসুম। এ সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল ও কলেজ ক্যাম্পাসগুলো খুলছে। এসব ক্যাম্পাসে যেন এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, মশার বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা একটি বাসযোগ্য, মশামুক্ত ও দুর্গন্ধমুক্ত শহর গড়ে তুলতে চাই।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায়, অনেক স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি তৈরি হয়েছে। 

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ’— বিষয়টি বিবেচনায় রেখে, তাদের সুস্থতা নিশ্চিত করতেই এ কর্মসূচি নেয়া হয়েছে। তিন দিনের মধ্যেই ডিএনসিসির আওতাধীন ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।