গতকাল ও আগের দিন রাতে রংপুর, বান্দরবান, নেত্রকোনা, ময়মনসিংহ ও কুড়িগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রংপুর ও বান্দরবানে চারজন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

রংপুর: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার খারুভাজ ব্রিজের পশ্চিমে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামের রহিদুল ইসলামের ছেলে ইদ্রিস আলী (৩৫)। তিনি পাথরবোঝাই ট্রাকের চালক ছিলেন। অন্যজন পটুয়াখালীর বাসিন্দা আরিফ (৩৭)। তিনি বিআরটিসি ট্রাকের চালক ছিলেন।

বান্দরবান: জেলার লামায় জ্বালানি কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক মো. আলমগীর (৩৫) ও পরিবহন শ্রমিক আনোয়ার হোসেনকে (৪৫)।

নেত্রকোনা: পূর্বধলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরো দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়েছে। নিহত মো. সজুদুল হক (৫৮) পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

ময়মনসিংহ: ভালুকায় নানা বাড়ি যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি থেকে ছিটকে পড়ে ইভা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা উপজেলার নিঝুরী গ্রামের মানিক মিয়ার মেয়ে।

কুড়িগ্রাম: উলিপুরে ট্রাকের ধাক্কায় মোস্তফা মিয়া (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফটিক মিয়া।