সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এ বাংলাদেশ। এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ আমাদের যে মেন্ডেট দিয়েছে, সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এজন্য দলীয়করণের ঊর্ধ্বে থেকে এ মন্ত্রণালয়ের উন্নয়নে আপনাদের সবার সহযোগিতা চাই।

আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন। সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, ডেমোক্রেটিক অগ্রযাত্রায় অনেক মানুষ হারিয়ে গেছে, ইলিয়াস আলীর খবর এখনো জানতে পারিনি। এ রকম ৮০০ মানুষ এখনো নিখোঁজ।

মন্ত্রী বলেন, আমরা বলি উন্নয়নের মহাসড়ক। এ মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না যে, আমরা কত পিছিয়ে আছি। তিনি আরো বলেন, আমরা এখান থেকে কোনো আর্ন (উপার্জন) করতে আসিনি। আমরা মৃতব্যয়ী হব এবং এ মন্ত্রণালয়ের উন্নয়নে সবদিক থেকে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, আমি আমার বাবার পূর্বের কাজ করার জায়গায় এসে বসেছি। আমি চাই এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে। এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই।

এর আগে সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে উভয় মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।