বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জান্নাতুল ফেরদৌসকে (৪০) হত্যার অভিযোগে এক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এই আদেশ দেন। খবর বাসস।
কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চাইলে আদালত তা নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে তাকে একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরার পথে শনির আখড়ায় গুলিতে নিহত হন জান্নাতুল ফেরদৌস। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নিহতের ভাই মামুনুর রশীদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।










