বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় কর্মরত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ক্যাডার কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের জন্য কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ঢালাওভাবে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। এ ধরনের প্রজ্ঞাপন জারি অনভিপ্রেত এবং চাকরির বিধি ও মৌলিক অধিকারের পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, বরখাস্তের শিকার কর্মকর্তারা স্ব-স্ব ক্ষেত্রে দক্ষ ও মেধাবী। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদের বরখাস্ত করায় পরিষদের সদস্যরা ক্ষুব্ধ। বিষয়টি পরিষদের সাধারণ সভায় আলোচিত হয়েছে।
পরিষদ মনে করে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত হয়েছে। তাই মত প্রকাশের স্বাধীনতা হরণের মতো পদক্ষেপ সরকারের ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বরখাস্তের এই প্রবণতা অব্যাহত থাকলে সিভিল সার্ভিসে অসন্তোষ সৃষ্টি হতে পারে, যা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তাই এমন অবস্থায় সাময়িক বরখাস্তের আদেশগুলো দ্রুত প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানানো হয়েছে।










