প্রতিষ্ঠার ২১ বছর পর স্থায়ী ভবন পেয়েছে চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা। এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে পৌরবাসীর। সম্প্রতি পৌরসভার নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বারইয়ারহাট পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে বারইয়ারহাট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে স্থায়ী ভবন না থাকায় ২০১১ সালের ৯ আগস্ট ভবনের জন্য ১ একর ২০ শতক খাসজমি বন্দোবস্ত চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর চিঠি দেন তত্কালীন পৌর মেয়র প্রয়াত তাহের আহম্মদ।

এর পর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জমি কিনে ভবন নির্মাণ করা হয়। কিন্তু জায়গাটি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) নিজেদের বলে দাবি করে তারা গ্রিড নির্মাণ করে। ফলে ভবনে কার্যালয় স্থানান্তর করা অনিশ্চিত হয়ে পড়ে। তবে বিষয়টির সমাধান করে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ভবনটিতে পৌর কার্যক্রম শুরু করেন।

বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু প্রসাদ দত্ত রতন, ৪ নম্বর ওয়ার্ডের আরিফ উদ্দিন মাসুদ জানান, নতুন ভবনে ওঠার ফলে প্রতি মাসে ২৫ হাজার টাকা ভাড়া বাবদ খরচ কমবে।