বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে ৫টি লোনাসহ ৫৯-১৯ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আরদুজ্জামান, মিজানুর, আল-আমিনরা প্রথমার্ধে ৩৫-২ পয়েন্টে এগিয়ে যান। প্রথম ম্যাচের নৈপুণ্যের ধারাবাহিকতা রেখে গত কালও ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। তরুণ এই রেইডার প্রতিপক্ষের কাছ থেকে আনেন ১৮ পয়েন্ট।

শুরু থেকেই ইন্দোনেশিয়াকে চেপে ধরেন স্বাগতিক খেলোয়াড়রা। ষষ্ঠ মিনিটেই প্রথম লোনা তুলে নেন তারা। ম্যাচজুড়ে বাংলাদেশ এতটাই প্রভাব বিস্তার করে খেলেছে যে বাংলাদেশের পয়েন্ট যখন ২৫, তখন মাত্র ১ পয়েন্ট পায় ইন্দোনেশিয়া। স্বাগতিকরা প্রথমার্ধে লোনা পায় ৩টি, দ্বিতীয়ার্ধে আরো ২টি। এর আগে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, তাতে ৩ ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট ৬, আর টানা দুই জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখে ইন্দোনেশিয়া, তাতে ৩ ম্যাচে পয়েন্ট ৪।

টানা তিন ম্যাচ জিতে দারুণ খুশি বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা পরিকল্পনামাফিক টুর্নামেন্টে খেলছি। তিন ম্যাচ জিতলেও সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি। তবে আমরা আশাবাদী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখব। দল যেভাবে খেলছে টুর্নামেন্টজুড়েই এটা অব্যাহত রাখবে দল।’