ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ের ১ নম্বর ভবনের ৪০০ নম্বর কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকের পর গণমাধ্যমে পাঠানো এক প্রেস ব্রিফে জানানো হয়, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে।
অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকারি ছুটির তারিখও পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে।
তবে ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে।










