বরিশাল মুক্ত দিবসে গতকাল ১০০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে সকাল ১০টায় নগরীর ওয়াবদা কলোনি টর্চার সেল ও বধ্যভূমিতে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে সিটি করপোরেশনের আয়োজনে সেখানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা।
এদিকে বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বিকালে বিজয় বিহঙ্গ চত্বরে উদীচীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিটি করপোরেশনের উদ্যোগে সন্ধ্যায় আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের দপ্তরে শিক্ষার্থীদের অনশন: দুই দফায় আলটিমেটাম দেয়ার পরও সব গণপরিবহনে অর্ধেক ভাড়া আদায়সহ ছয় দফা দাবি পূরণ না হওয়ায় বরিশালে অনশন করেছেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনশন শেষে জেলা প্রশাসকের আশ্বাসে অনশন শেষ করেন তারা। এর আগে জেলা প্রশাসক জসীম হায়দারের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
আন্দোলনকারী বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলিসা মুনতাজ বলেন, বরিশালের নৌযান-বাসসহ সব গণপরিবহনে অর্ধেক ভাড়াসহ ছয় দফা দাবি আদায় না হলে আন্দোলন চলবে। অনশনে আরো উপস্থিত ছিলেন বিএম কলেজের শিক্ষার্থী রাহুল দাশ, শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন, তামিম ইসলাম, রিফাত মারফিয়া, অদিতি ভট্টাচার্য প্রমুখ।










